পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর বাজার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত দুটার দিকে এন্টি টেররিজম ইউনিটের একটি দল জেলা পুলিশের সহায়তায় জেএমবির সদস্য বেল্লাল মিয়া ওরফে বেল্লাল ওরফে রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেল্লাল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বৈদ্যটিলার চংড়াছড়ি গ্রামের নুরুল আলম মোয়াজ্জেমের ছেলে। সোমবার পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবির সিরিজ বোমা হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এই বেল্লাল। তার নামে দীঘিনালা থানায় যাবজ্জীবন সাজার পরোয়ানা মুলতুবি রয়েছে। ঘটনার পর সে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় একাধিক ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিল। বিভিন্ন সময়ে ভুয়া জন্মনিবন্ধন সনদও তৈরি করে। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা এলাকায় রাজমিস্ত্রীর কাজ নেয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট পটুয়াখালী জেলা পুলিশের সহায়তায় গত রবিবার রাতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য বেল্লালকে গ্রেফতার করে।
