স্টাফ রিপোর্টার, দিনাজপুর
ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত রয়েছে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদ। পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ আর হিমেল বাতাসে হিমালয়ের পাদদেশে অবস্থিতি এই জনপদে আবারও বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, বাতাসে আদ্রতা বেড়ে যাওয়ায় বেড়েছে কুয়াশা।সোমবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে দিনাজপুরসহ উত্তরের জেলাগুলো। দুপুরের পর সূর্য একটু উঁকি দিলেও তার প্রভাব তেমন বেশি ছিল না। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে প্রায় দিনভর যানবাহন চলে ঝুঁকি নিয়ে ও হেডলাইট জ্বালিয়ে। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। শীতে দুর্ভোগ পোহাচ্ছে ছিন্নমূল ও অসহায় মানুষ। তীব্র শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে কাজের সন্ধানে বের হয়েও কাজ পাচ্ছেন না। আর পেলেও কনকনে শীতে ঠিকমতো কাজ করতে পারছেন না।
