হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে নিখোঁজের তিন দিন পর খোয়াই নদী থেকে পঞ্চম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার চরহামুয়া এলাকায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদীর কিনারা থেকে তার মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ। নিহত ঐ শিশুর নাম ইসমাইল হোসেন হূদয় (১২)। সে উত্তর তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
নিহতের চাচা হাবিবুর রহমান জানান, গত ১০ জানুয়ারি নিখোঁজ হয় হূদয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। আজ (সোমবার) নদীতে তার লাশ পাওয়া গেছে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী জানান, মৃতদেহটি হারানো শিশু ইসমাইল হোসেন হূদয়ের। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
