আবারও ক্যারিবিয়ান দলে ব্রাভো

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:২৬

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সেই ২০১৬ সালে। মনোযোগ দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বোর্ডের সঙ্গেও বনিবনা হচ্ছিল না। ডোয়াইন ব্রাভো নিজেও বলে দিয়েছিলেন, জাতীয় দলের স্বপ্ন আর দেখেন না তিনি। এমনকি তিনি ২০১৮ সালে সব রকমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানিয়ে দেন।

তবে, এখন ক্যারিবিয়ান ক্রিকেটে চলছে দিনবদলের পালা। আর এরই অংশ হিসেবে অবসর ভেঙে ফিরেছেন ব্রাভো। গেল নভেম্বরেই তিনি জানিয়ে রেখেছেন, অবসর ভেঙে ফেরার ইচ্ছার কথা। আর তার কথা পূর্ণতা পেল গতকাল ৩৬ বছর বয়সি এই অলরাউন্ডারকে ফেরানো হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। আগামীকাল বুধবার থেকে শুরু হবে এই সিরিজ। ব্রাভো ছাড়াও ১৩ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার রোভম্যান পাওয়েল। ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাবিয়ান অ্যালেন ও কেমো পল। অন্য দিকে বিশ্রাম দেয়া হয়েছে জেসন হোল্ডারকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৬ ম্যাচে ১১৪২ রান আর ৫২ উইকেট শিকার করেছেন ‘ডিজে ব্রাভো’ নামে পরিচিত এই ক্রিকেটার। মূলত চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতেই অবসর ভেঙে ফিরেছেন ডোয়াইন ব্রাভো। বোঝাই যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল:কাইরেন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, ক্যারি পিয়ের, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শেরফেইন রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ।