সোহেল সারোয়ার
সন্ধ্যায় ফিলিস্তিনি ফুটবলাররা যখন হোটেলে গভীর ঘুমে, তখন হোটেলে প্রবেশ করে মরিশাস ফুটবল দল। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে অশগ্রহণ করতে গতকাল এ দুই দল ঢাকায় পৌঁছেছে। আজ আসবে শ্রীলঙ্কা ও বুরুন্ডি। আগামীকাল সিশেলস আসবে। ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু হবে। বাংলাদেশ এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন উদ্বোধনী ম্যাচ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৫টায়।
মরিশাস ঢাকায় পা দেওয়ার আগেই সোনারগাঁও হোটেলের লবিতে লাগেজটা রেখেই ছুটল খাবারের টেবিলে। ক্ষুধার্ত ফুটবলাররা কারো সঙ্গে কথা বলতে রাজি নন। সবাই ক্লান্ত। ভ্রমণক্লান্তির কারণে বিধ্বস্ত দেখাচ্ছিল। প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণ। ফিলিস্তিন থেকে সড়কপথে ইসরাইল হয়ে জর্ডান। সেখান থেকে আকাশপথে দুবাই হয়ে ঢাকায় এসে চার ঘণ্টা অপেক্ষা বিমানবন্দরে। বাফুফে জানিয়েছে, খেলোয়াড়দের অনঅ্যারাইভাল ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে একটু সময় লাগে। প্লেয়ারদের ফরম পূরণ, ভিসা ফি জমা দেওয়াসহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে হয়। সবই খেলেয়াড়েরা বুঝতে পেরেছেন। যখন বিমানবন্দর থেকে সোনারগাঁও হোটেলের পথে রওনা হয় ফিলিস্তিন দল, তখন পথে পথে ট্র্যাফিক জ্যামে পড়ে আরো বিরক্ত। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা কঠিন। অনুরোধ করে দাঁড় করানো হলেও তাদের কোচ নামটাও বলনেনি। শুধু বললেন, মাঠে আসুন। খেলা দেখুন।
ম্যানেজার জাবের জারিনি এক-দুইটা কথা জানিয়ে গেলেন। ফিলিস্তিন ফুটবল দল বিশ্বকাপ ফুটবল বাছাই খেলছে, যেটি বাংলাদেশও খেলছে। ফিলিস্তিন আছে ‘ডি’ গ্রুপে। গ্রুপের সঙ্গী উজবেকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর ও ইয়েমেন। পাঁচ দলের মধ্যে পাঁচ খেলায় ফিলিস্তিনের পয়েন্ট ৪। একটি জয় এবং একটি ড্র রয়েছে। ফিলিস্তিন গ্রুপের প্রথম ম্যাচেই ২-০ গোলে শক্তিশালী উজবেকিস্তানকে হারিয়েছে। আরেক শক্তিশালী দল বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলা সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। বোঝাই যায়, বাংলাদেশের চেয়ে ফিলিস্তিন কতটা শক্তিশালী। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ভালো খেললেও এখন পর্যন্ত একটি ড্র, সেটি ভারতের বিপক্ষে।
আগামী ২৬ মার্চ ফিলিস্তিন নিজেদের ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে। ঐ একই দিনে ঢাকায় বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ। ফিলিস্তিন তাদের সেই ম্যাচটাকে ঘিরেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার জাবের জারিনি। এই কর্মকর্তা জানান ঢাকায় আসা দলটা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে খেলেছেন এমন আট জন ফুটবলার এসেছেন ঢাকায়। আট জন অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন। কিছু তরুণ ফুটবলারও রয়েছেন দলে। দুই জন ফুটবলার আসবেন জার্মানি থেকে। ডিফেন্ডার জুয়ের বললেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছেন। আর অল্পস্বল্প সময়ে যতটুকু কথা বলেছেন ম্যানেজার জাবের জারিনি। তিনি বলেন, ‘আমরা ক্লান্ত। কথা বলতে পারব না। এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছে আমাদের দল। খেলোয়াড়েরা খেয়েই ঘুমিয়ে যাবে।’ এসব কথা বলেই ছুটলেন খাবারের টেবিলে। কোনো কথা জানার সুযোগ ছিল না। একই হোটেলে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। কারো সঙ্গে দেখা হয়নি। তবে আজ সকালে নাশতার টেবিলে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে দেখা হবে।
