স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সুরাহা এখনো হয়নি। এই অচলাবস্থায় দুবাইয়ে এক বিশেষ বৈঠক হবে দুই দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হয়ে উপস্থিত থাকবেন নাজমুল হাসান পাপন। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে থাকবেন এহসান মানি। আজই হওয়ার কথা সেই বৈঠক।
দুবাইয়ে চলতি সপ্তাহেই বসবে আইসিসির গভর্ন্যান্স রিভিউ কমিটির বৈঠক। সেখানে থাকবেন ক্রিকেটীয় দেশগুলোর নীতি নির্ধারকরা। আর সেই বৈঠকের ফাঁকেই আলাদা করে বসবেন পাপন ও মানি। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে। তাদের দাবি, এই বৈঠকের ওপরই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি নির্ভর করছে।
গত রবিবার ছিল বিসিবির বোর্ড সভা। সেই সভা শেষেই নাজমুল হাসান পাপন পিসিবি সভাপতির সঙ্গে আসন্ন এই বৈঠকের কথা বলেন। গতকাল রাতেই বিসিবি সভাপতি দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
আইসিসির এফটিপি বা ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী চলতি মাসে পাকিস্তানে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটাররা সেখানে লম্বা সময় থাকতে রাজি না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু থেকেই সফরটি সংক্ষিপ্ত করতে চেয়েছিল। বিসিবিও সেই পথেই হেঁটেছিল। সর্বশেষ খবর হলো পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি নিজেদের প্রথম অবস্থানই ধরে রেখেছে। প্রথম দফায় পাকিস্তানের মাটিতে তিনটি টি-টোয়েন্টির বেশি কিছু খেলতে চায় না বাংলাদেশ। এখন পিসিবি এই সিদ্ধান্তে একমত হলে ১৮ তারিখেই সফরে যাবে দল।
