‘অন্ধভাবে ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়ন করছেন ট্রাম্প’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:৩৩

 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী বুসাইনা শাবান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের দেওয়া পরিকল্পনাগুলো মধ্যপ্রাচ্যে অন্ধভাবে বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ইসরাইলের ইচ্ছা অন্ধভাবে পূরণ করে চলেছেন ট্রাম্প। তারা প্রতিরোধ আন্দোলনের দুই কমান্ডারকে হত্যা করে এ অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ড প্রতিরোধকামীদের আরো বেশি শক্তিশালী করে তুলবে।

পার্সট্যুডে জানায়, রবিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বুসাইনা শাবান। এ সময় তিনি ইরানের মেজর জেনারেল সোলেইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডের নিন্দা জানান।

বুসাইনা শাবান ইসরাইলের দৈনিক হারেত্জকে তিনি বলেন, ইসরাইলের স্বার্থরক্ষা করার জন্যই আমরা ডোনাল্ড ট্রাম্পকে কাজ করতে দেখছি। বুসাইনা শাবান বলেন, ইসরাইলের দুই জন কর্মকর্তাকে ট্রাম্প জানিয়ে ছিলেন, তিনি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করতে আগ্রহী এবং এজন্য তিনি কংগ্রেসের অনুমতি নেবেন না।

গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয়।