ভারতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে বিরোধীদের বৈঠক শুরু হয়েছে। তবে অধরা থেকে গেল বিরোধী ঐক্য। তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী দলের নেত্রী মায়াবতী, আম আদমি পার্টিপ্রধান অরবিন্দ কেজরিওয়াল অনুপস্থিত থাকলেন। বৈঠকে এলেন না শিবসেনা প্রতিনিধিও। ১৪টি বিরোধী দলের উপস্থিতিতেই আলোচনা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে কীভাবে জোটবদ্ধ হয়ে লড়া যায় কেন্দ্রের বিরুদ্ধে, তা ঠিক করতে। খবর আনন্দবাজার পত্রিকার।
এনআরসি-সিএএ এর মতো বিষয়গুলোর বিরোধিতায় যাতে সুর না কাটে, সে জন্য সব বিরোধী দলের উপস্থিতি চেয়েছিল বৈঠকের আয়োজক দল কংগ্রেস। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সিএএ-এনআরসি বিরোধিতার প্রশ্নে এক হতে পারল না বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে বাম-কংগ্রেসসহ বিরোধী দলগুলোর শ্রমিক-ছাত্র-যুব সংগঠনের ডাকা সর্বভারতীয় ধর্মঘটের পরেই মমতা জানিয়ে দিয়েছিলেন যে, বিরোধী-বৈঠকে তিনি যোগ দেবেন না। ক্রমে স্পষ্ট হয় এই দলে ভিড়তে চাইছেন না কেজরিওয়াল, মায়াবতীও। বৈঠকে গরহাজির শিবসেনাও।
এ দিন বিএসপি নেত্রী টুইটারে লেখেন, ‘আমরা সিএএ এবং এনআরসির বিরোধী। আমরা কেন্দ্রকে বারবার অনুরোধ করব এই আইন প্রত্যাহার করতে। কিন্তু এই মিটিংয়ে যাচ্ছি না।’
০
