হোটেল থেকে মেডিক্যাল পরিচালকের লাশ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:০৬

ছাদ থেকে লাফিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে এক বেসরকারি হাসপাতালের পরিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম এস এম এ রশিদ ডলার। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী। রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসাবে কর্মরত ছিলেন তিনি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পল্টনের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার ৯০৭ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। গ্রামের বাড়ি রাজশাহীর রাজপাড়া উপজেলার লক্ষ্মীপুরে। মৃত রশিদের ব্যক্তিগত গাড়িচালক আরিফ বলেন, ১১ জানুয়ারি বিকাল ৫টায় রাজশাহী থেকে ব্যক্তিগত কাজে ঢাকায় আসেন রশিদ। 

হোটেলের কর্মকর্তা নাঈম আহমেদ বলেন, সকাল ১০টার দিকে গাড়ি চালক আরিফ হোটেলের কক্ষে গিয়ে রশিদকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দরজা খুলে রশিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাত্ক্ষণিক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। রশিদ হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাদের ধারণা।

এদিকে, মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় ছয় তলা ভবন থেকে লাফিয়ে পড়ে তানজিনা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তানজিনা পরিবারের সঙ্গে কাটাসুর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী আরিফ উল্লাহ মতিঝিলে ব্যবসা করেন।

মোহাম্মদপুর থানার এসআই ফারুকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় তানজিনার স্বামী কর্মস্থলে ছিলেন। তানজিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বলেন, দুপুরের দিকে ঐ গৃহবধূ লাফিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তবে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।