ইসির ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি সুজনের

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীর আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্যসহ পূর্ণাঙ্গ তথ্য দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক—সুজন। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার স্বাক্ষরিত আবেদনটি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ও দুই সিটির রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

আবেদনপত্রে বলা হয়েছে, সুজন পরিচালিত কার্যক্রমসমূহের মধ্যে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম অন্যতম। জাতীয় নির্বাচন থেকে শুরু করে সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে সুজন কার্যক্রম পরিচালনা ও তথ্যায়ন করে থাকে। পাশাপাশি নির্বাচনের পূর্বে প্রার্থীগণ কর্তৃক মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা এবং আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে উপস্থাপন করে থাকে। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য অনুসন্ধান করতে গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় যে, প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য প্রদান করা হয়নি; যদিও জাতীয় নির্বাচনসহ অতীতে অনুষ্ঠিত সব স্থানীয় সরকার নির্বাচনে তথ্যসমূহ প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি এখন পর্যন্ত সব ওয়ার্ড বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের তথ্য প্রকাশ করা হয়নি।