ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও ভাই রফিক দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে হাজির হননি। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হাজির হওয়ার কথা ছিল। গত ৭ জানুয়ারি কমিশন তলব করে তাদের কাছে নোটিশ পাঠিয়েছিল। ঐ নোটিশে তলবকৃত শারমিন চৌধুরী ও তার ভাই রফিককে গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। দুদক সূত্র জানায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর ৬ অক্টোবর গ্রেফতার হন সম্রাট। বন্যপ্রাণির চামড়া রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়। এ ছাড়া দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১২ নভেম্বর একটি মামলা করেন। সম্রাটের সম্পদের খোঁজখবর নিতে তার স্ত্রী ও ভাইকে দুদকে তলব করা হয়েছিল।
