মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা মা নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:২৯

রবিবার গভীর রাতে মেঘনা নদীর মাঝেরচর নামক স্থানে বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে হুলাহাটগামী ফারহান-৯ লঞ্চের সংঘর্ষে এক নারী ও তার শিশুপুত্র নিহত হয়েছে। ঐ নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। রবিবার দিবাগত রাত দেড়টায় বরিশালের মেহেন্দিগঞ্জ ও চাঁদপুরের সীমান্ত মাঝেরচর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় আহত হয় আরো ৮ জন। আহতদের চাঁদপুর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের ভান্ডারিকাঠি গ্রামের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা (২৪) ও তার শিশু পুত্র মুমিন খান (৭)। তাদের মৃতদেহ রাজধানীর সদরঘাটে পৌঁছে দেওয়া হয়েছে।

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ফারহান লঞ্চের মাস্টার ও চালককে গ্রেফতার ছাড়াও লঞ্চ আটক করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ এর বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। কীর্তনখোলা লঞ্চ কোম্পানীর সহকারী মহাব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন জানান, রবিবার রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে এমভি কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ১টা নাগাদ লঞ্চটি মেঘনা নদীর মাঝ কাজীর চর অতিক্রমকালে ঢাকা থেকে ভাণ্ডারিয়াগামী এমভি ফারহান-৯ লঞ্চটি কীর্তনখোলা-১০ লঞ্চের ডানপাশে মাঝ বরাবর সজোরে আঘাত হানে। এতে কীর্তনখোলা লঞ্চের মাঝ বরাবর দ্বিতীয় তলার অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়। এসময় কীর্তনখোলা লঞ্চের দ্বিতীয় তলার ডেকে থাকা ঐ দুই জন নিহত হয়।