দিনাজপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন দুই পুলিশ সদস্য। রবিবার দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের নওশন দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দুই জন মাদক ব্যবসায়ী।
নিহতরা হলেন দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার রহমত আলী (৩৫) ও সিপাহীপাড়া এলাকার আবুল কাশেম ওরফে কাইশ্যা (৩৪)।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ টি এম গোলাম রসুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে ডিবি পুলিশের একটি দল দিনাজপুর সদর উপজেলার তাজপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীদের দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পালটা গুলি ছুড়লে দুই মাদক ব্যবসায়ী নিহত হন। নিহত দুজনেরই বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
