মহাসড়কের ওপর রক্তের দাগ। টুকরো টুকরো নরমাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানে সেখানে। সারা রাত তার ওপর দিয়ে চলেছে ভারী যানবাহন। টুকরো টুকরো সেই মাংস যানবাহনের চাপায় পিষ্ট হয়ে থ্যাঁতলে গেছে।
গতকাল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা গেছে এ বীভত্স চিত্র। চান্দিনার নাওতলা এলাকায় মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এ মাংসের টুকরো উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম মো. নাছির উদ্দিন (২৬)। মহাসড়কের পাশে নাওতলা বাচ্চু চেয়ারম্যান মার্কেটে তার একটি চা-বিস্কুটের দোকান রয়েছে।
ধারণা করা হচ্ছে, রবিবার রাতের কোনো এক সময় নাছিরকে তার দোকানের ভেতর হত্যা করা হয়। তারপর লাশ দোকানের ভেতর টুকরো টুকরো করে মহাসড়কে ফেলা হয় নাকি মহাসড়কের ওপর ফেলে দেওয়া লাশ যানবাহনের চাপায় ছিন্নভিন্ন হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
জানা গেছে, নিহত নাছিরের বাবা রবিউল্লাহ ঐ মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। তিনি অসুস্থ থাকলে কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব পালন না করলে তার বদলে ছেলে নাছির মার্কেট পাহারা দিত। রবিবার রাত ১০টার দিকে দোকানে চা বিক্রি বন্ধ করে নাছির তার বাবার বদলি হিসেবে দায়িত্ব পালন করে।
