সিটি ভোটে সহিংস ঘটনার রিপোর্ট নেই কমিশনে :ইসি সচিব

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৩৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে কোনো সহিংস ঘটনার রিপোর্ট কমিশনের কাছে নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, এমন ঘটনা কমিশনের কাছে এলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন-সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত রবিবার নির্বাচনি প্রচারে সহিংসতার ঘটনা ঘটেছে; এতে কমিশন উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশনের কাছে এ ধরনের কোনো রিপোর্ট নেই। এটা রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তার প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আপত্তি দিতে পারেন ভুক্তভোগীরা। তখন রিটার্নিং কর্মকর্তার নিজ ক্ষমতাবলে ব্যবস্থা নেবেন। কমিশনের প্রয়োজন হলে তা কমিশনে রেফার করলে (রিটার্নিং কর্মকর্তা রেফার করবেন) কমিশন ব্যবস্থা নেবে।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য যেসব সংস্থা আছে সরকারের, সবাইকে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে যেন সবাই সমভাবে প্রচার করতে পারে।’

গত রবিবার উত্তর সিটির বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেন, দুপুরে মিরপুর-১ এলাকার শাহ আলী মাজারের সামনে পুলিশের সামনেই তার প্রচার মিছিলে হামলা করেছেন ক্ষমতাসীন দলের কর্মীরা। এই অভিযোগ তিনি লিখিতভাবে উত্তর সিটির রিটার্নিং অফিসারকে জানান। অন্যদিকে ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডে তার গণসংযোগে হামলা করেছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীরা।