অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তলবকৃত অপর দুই জন হলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ এবং এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী জামাল উদ্দিন। গতকাল সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাদের তলব করা হয়। আগামী ১৬ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।
দুদকের পাঠানো পৃথক নোটিশে বলা হয়, ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড়ো বড়ো ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ব্যাপারে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের জন?্য আপনার বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য আগামী ১৬ জানুয়ারি আপনাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, এই অভিযোগের বিষয়টি অনুসন্ধান করছে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম। টিমের অপর সদস্যরা হলেন উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
