সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গোকুলনগর এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের ভাড়া বাড়ি থেকে নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ তানভীর আহম্মেদের স্ত্রী শায়লা শারমিনকে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। তানভীর আহম্মেদ বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটক শায়লা শারমিন গাজীপুর জেলার সদর থানা এলাকার বহরিয়াচালা গ্রামের দুলাল আহম্মেদের মেয়ে। তিনি এইচএসসি পাশ করেছেন। তার স্বামী তানভীর আহম্মেদ রাজধানীর বনশ্রী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের নিয়মিত ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, বগুড়া গোয়েন্দা পুলিশের একটি মামলার অনুসন্ধানের সূত্র ধরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই বাড়িতে নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞের সন্ধান পায়। দুপুরের পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করে পুলিশ। এ সময় বাড়ির ভেতর থেকে এক নারীকে আটক করা হলেও তার স্বামী পলাতক রয়েছেন।
বাড়িটি তল্লাশি করে বোমা তৈরির সরঞ্জাম, তিনটি খেলনা পিস্তল, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, স্বয়ংক্রিয়ভাবে কাজ করার মতো কিছু সরঞ্জাম ও কয়েকটি পেট্রোল বোমা পাওয়া গেছে। দূর থেকে হামলা চালানো যায় এমন কিছু সরঞ্জামও এখানে পাওয়া গেছে।
গতকাল বিকেলে আশুলিয়ার গোকুলনগর এলাকার প্রবাসী আক্তার হোসেনের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। বাড়িটির তত্ত্বাবধানে ছিলেন আক্তার হোসেনের ভায়রা শাহজাহান সরদার। ঐ নারীসহ তার স্বামী ১৫ থেকে ২০ দিন আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। দোতলা ভবনের পুরো বাড়িতে তারা দুই জনই থাকতেন বলে জানা গেছে এবং বাড়ির গেটে সব সময় তালা ঝোলানো থাকত।
