সাভারে দুই গ্রুপের সংঘর্ষে মাহফুজুর রহমান মাফু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মাফুর স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে গতকাল সোমবার সাভার মডেল থানায় এ মামলা করেন। মামলার পর পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
আসামিরা হলেন—আমির হোসেন টিপু, আরিফ, মো. রুবেল মণ্ডল, জাহিদ, রহিম, রাসেল ওরফে কালা রাসেল, মো. ফরিদ হোসেন বাবু, হাসান, আহাদ, মাছুম, আজগর, নাজিম, মো. দেলোয়ার হোসেন। এর মধ্যে টিপু, বাবু ও দেলোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সাভার পৌর এলাকার রাজাশন ও মজিদপুর মহল্লার বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটের একজন দোকান মালিক বলেন, মার্কেটটি নিজেদের দখলে নেওয়ার জন্য তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে সংঘর্ষে মাফু রবিবার রাতে খুন হন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
