কাউন্সিলর রাজীবকে দ্বিতীয় দিনের রিমান্ডে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৪৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল সোমবার দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীসহ একটি টিম দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রমনা থানা হেফাজতে পাঠানো হয়। সেখান থেকে আজ মঙ্গলবার আবারও দুদকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। 

দুদক সূত্র জানায়, গত ৬ নভেম্বর কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঐ মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। 

চলমান শুদ্ধি অভিযানে গত ১৯ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় রাজীবকে। অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয় তার বিরুদ্ধে।