এসএমই ঋণ সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার দাবি ব্যাংকের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৪৩

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের ঋণকে সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার দাবি জানিয়েছেন ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি)। গতকাল সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক বৈঠকে তারা এ দাবি জানান। তারা বলেন, ক্ষুদ্র ঋণে কস্ট অব ফান্ড বা তহবিল সংগ্রহে খরচ বেশি। এর জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাব। তবে আপনারা সিঙ্গেল ডিজিট কার্যকরের যে ওয়াদা দিয়েছেন, তা যথাসময়ে কার্যকর করবেন। আমাকে বেইজ্জতি করবেন না।’  

গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের বৈঠকটি রাজধানীর গুলশানে বেসরকারি ব্যাংকের পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএবি সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যাংকের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সভায় আলী রেজা ইফতেখার বলেন, ‘ক্ষুদ্র ঋণে খরচ বেশি। সে কারণে এসএমই ঋণকে সিঙ্গেল ডিজিটের বাইরে রাখা যায় কি না, বিবেচনা করবেন।’ এ সময় তার এই মতকে অন্যান্য ব্যাংকের এমডিরাও সমর্থন জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আজ আপনারা এসএমই ঋণকে সিঙ্গেল ডিজিটের বাইরে রাখার কথা বলছেন। অথচ দেশের উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান কোনো অংশে কম নয়। বিশ্বের সব দেশে এসএমই ঋণকে গুরুত্ব দেওয়া হয়। মালয়েশিয়ায় এসএমই ব্যাংকও আছে।’ তিনি বলেন, ‘সবাই বলাবলি করছে, এপ্রিলের পর আপনারা বলবেন যে দুই মাস পর জাতীয় বাজেট, বাজেটের পরই সিঙ্গেল ডিজিট কার্যকর করব। এটার কিন্তু কোনো সুযোগ নেই। আপনারা যা চেয়েছেন দিয়েছি। আমরা উভয় পক্ষ উইন-উইন সিচুয়েশনে আছি। অতএব আর পেছনে যাওয়ার সুযোগ নেই।’ 

ঋণের সুদের হার কমানোর উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক হয়েছে। গত ১ জানুয়ারি থেকে শিল্প খাতে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট কার্যকর করার কথা। কিন্তু শেষ মুহূর্তে এসে গত ৩০ ডিসেম্বর অর্থমন্ত্রী বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে এক বৈঠকে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট করার সিদ্ধান্ত তিন মাস পিছিয়ে দেন। ১ জানুয়ারির পরিবর্তে আগামী ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব খাতে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট কার্যকর করার ঘোষণা হবে। বর্তমানে এসএমই খাতে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার বিধান রয়েছে।