নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
মি. রায়হান একটি নতুন গার্মেন্টস স্থাপনের জন্য চিন্তা-ভাবনা করছেন। এজন্য তিনি মূলধন সংকটে ভুগছেন। গার্মেন্টসের অবকাঠামোসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য তিনি বিভিন্ন ঋণপ্রদানকারী সংস্থার শরণাপন্ন হন। প্রথমে মূলধন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থায়নের সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
ক) কোম্পানির প্রকৃত মালিক কে?
খ) প্রাপ্য বিল বলতে কী বোঝায়?
গ) মি. রায়হানের কোন ধরনের উত্স থেকে তার গার্মেন্টসের জন্য অর্থায়ন করা উচিত? সেগুলোর বর্ণনা দাও।
ঘ) মি. রায়হানের মূলধন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থায়ন না করার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
ক. কোম্পানির প্রকৃত মালিক শেয়ার হোল্ডাররা।
খ. স্বল্পমেয়াদি অর্থায়নের একটি প্রাতিষ্ঠানিক উত্স হলো প্রাপ্য বিল। যখন বাকিতে পণ্য ক্রয় করা হয়, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে, নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। এই দলিলকে বিনিময় বিল বলা হয়। বিক্রেতার কাছে এই বিলটি একটি প্রাপ্য বিল।
গ. মি. রায়হানের দীর্ঘমেয়াদি উত্স থেকে অর্থায়ন করা উচিত। ৫ বছরের ঊর্ধ্বে যে কোনো সময়ের জন্য যদি বড় অংকের অর্থায়ন করা হয় তাহলে তাকে দীর্ঘমেয়াদী উত্স বলা হয়। গার্মেন্টস এর ক্ষেত্রে ভূমি, দালানকোঠা নির্মাণ আর ব্যয়বহুল যন্ত্রপাতির জন্য বড় অংকের অর্থ প্রয়োজন যা স্বল্প সময়ের মধ্যে পরিশোধ করা সম্ভব নয়। সেক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য ঋণ পেলে তাদের পক্ষে ব্যবসায় চালিয়ে যাওয়া সম্ভব হবে। নতুবা স্বল্পমেয়াদি ঋণ পরিশোধ করতে গিয়ে তিনি বিপদে পড়বেন। তাই বলা যায়, দীর্ঘ মেয়াদি উত্স তার জন্য উপযুক্ত।
ঘ. মি. রায়হানের মূলধন বাজারের বিভিন্ন অর্থ প্রতিষ্ঠান থেকে অর্থায়ন না করার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি। উদ্দীপকের মি. রায়হান নতুন গার্মেন্টস প্রতিষ্ঠা করতে চান, এজন্য তার অবকাঠামোসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করা প্রয়োজন এবং এগুলো সবই স্থায়ী সম্পত্তির অন্তর্ভুক্ত। এগুলো সংগ্রহ করার জন্য দীর্ঘমেয়াদি তহবিল প্রয়োজন। এই দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের জন্য তিনি বিভিন্ন অর্থ ঋণদানকারী সংস্থার দারস্থ হন, এরপর মূলধনি বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি অর্থায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন অসুবিধার কারণে তিনি মূলধনি বাজারের প্রতিষ্ঠান থেকে অর্থায়নের সিদ্ধান্ত পরিবর্তন করেন, এর অন্যতম কারণ হতে পারে মূলধনি বাজারের প্রতিষ্ঠানগুলো সাধারণত মধ্যমেয়াদি অর্থায়ন করে। মধ্যমেয়াদি অর্থায়ন বলতে সেসব অর্থায়নকে বোঝায় যা এক বছরের বেশি এবং পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। কিন্তু মি. রায়হানের যে তহবিলের প্রয়োজন তা সংগ্রহ করে পাঁচ বছরের মধ্যে হয়তো পরিশোধ করতে পারবে না।
তাই বলা যায় মি. রায়হানের মূলধন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থায়ন না করার সিদ্ধান্ত অনেকটা যুক্তিসঙ্গত হয়েছে।
