বিনোদন ডেস্ক
অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস অস্কারের ৯২তম আসর বসতে যাচ্ছে ৯ ফেব্রুয়ারি। এর আগে গত সোমবার মনোনয়ন তালিকা প্রকাশ করা হলো এই আসরের ২৪টি বিভাগের। তালিকা প্রকাশের পর থেকে আবারও আলোচনায় চলে এলো গতবছর অন্যতম আলোচিত ছবি ‘জোকার’। মোট ১১টি বিভাগের মনোনয়ন দখল করে নিয়েছে সিনেমাটি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ওয়াকিন ফিনিক্স সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে সেরা ছবি, পরিচালনা, সিনেমাটোগ্রাফিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘জোকার’।
তবে ‘জোকার’ নিয়ে আলোচনা কিছুটা ফিকে হয়ে গেছে নেটফ্লিক্সের কারণে। এবার প্রথমবারের মতো অস্কারের আসরে নেটফ্লিক্সের দাপট দেখা যাচ্ছে। ২৪টি বিভাগে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের প্রোডাকশন। সেরা চলচ্চিত্র মনোনয়নের তালিকায় রয়েছে ‘দ্য আইরিশম্যান’, ‘ম্যারেজ স্টোরি’ ও ‘ক্লোজ’ সিনেমা তিনটি। এরমধ্যে ‘দ্য আইরিশম্যান’ মনোনয়ন পেয়েছে ১০টি বিভাগে ও ‘ম্যারেজ স্টোরি’ ৬টি বিভাগে। অথচ শুরুতে নেটফ্লিক্সের সঙ্গে অস্কার কর্তৃপক্ষের মতবিরোধ দেখা গিয়েছিল।
স্ট্রিমিং অ্যাপ প্রোডাকশনের সিনেমাগুলো অস্কারে অংশগ্রহণের ব্যাপারে অ্যাপে সিনেমা মুক্তির ৯০ দিন আগে বাণিজ্যিকভাবে হলে মুক্তি দেওয়ার শর্ত আরোপ করে অস্কার কর্তৃপক্ষ।
কিন্তু বক্স অফিসের হিট নিয়ে নেটফ্লিক্স কখনোই আগ্রহ দেখায়নি। পরে এই বিষয়টি একটি সমাধানে আনা হয়। শুধু অস্কার নয়, কান ফেস্টিভ্যালের সঙ্গে নেটফ্লিক্সের সমস্যা এখনো রয়েছে। বড় স্ক্রিনে সিনেমা প্রদর্শনীর বিরোধিতা করে নেটফ্লিক্স। এমনকি কান ফেস্টিভ্যালে সিনেমা জমা দেবে না বলেও জানায় নেটফ্লিক্স।
অস্কারের এবারের আসরে সেরা সিনেমার তালিকায় ‘জোকার’ ও নেটফ্লিক্সের প্রোডাকশন ছাড়াও রয়েছে ‘ফোর্ড ভার্সাস ফেরারি’, ‘জোজো র্যাবিট’, ‘লিটল ওম্যান’, ‘নাইন্টিন সেভেন্টিন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ও ‘প্যারাসাইট’।
সেরা পরিচালকের তালিকায় রয়েছেন মার্টিন স্করসিস, টড ফিলিপস, স্যাম মেন্ডিস, কোয়েন্টিন টারান্টিনো, বং জুন হো। সেরা অভিনেতার তালিকায় রয়েছেন অ্যান্টনিও ব্যান্ডেরাস, লিওনার্দো ডিক্যাপ্রিও, ওয়াকিন ফিনিক্স, আড্যাম ড্রাইভার, জোনাথান প্রাইসের।
সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন সিন্থিয়া এরিভো, স্কারলেট জোহানসন, সিওসা রোনান, শার্লিজ থেরন, রেনে জেলওয়েগার।
সেরা বিদেশি সিনেমার তারিকায় রয়েছে ‘করপাস ক্রিস্টি’ (পোল্যান্ড), ‘হানিল্যান্ড’ (নর্থ ম্যাসিডোনিয়া), ‘লে মিজারেবল’ (ফ্রান্স), ‘পেন অ্যান্ড গ্লোরি’ (স্পেন), ‘প্যারাসাইট’ (সাউথ কোরিয়া)।
