কয়েকটি স্থানে উঠে গেছে ঢালাই যানবাহন চলাচলে বিঘ্ন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:২৮

নাগরপুরে শেখ হাসিনা সেতু

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর উপরিভাগের কয়েকটি স্থানে ঢালাই উঠে গেছে। এতে বিঘ্ন হচ্ছে যান চলাচল। দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করছেন এ সেতু দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ।

এদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কাছ থেকে সেতু বুঝে নেওয়া সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, এ সেতুর কাগজপত্র পাওয়া যায়নি বিধায় প্রয়োজনীয় সংস্কারে বিলম্ব হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালের শেষের দিকে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।  সরেজমিনে দেখা যায়, সেতুর বিভিন্ন স্থানে উপরিভাগের ঢালাইকৃত ওয়ারিং কোর্স (পাথর, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই করা) ভেঙে ছড়িয়ে যাচ্ছে।

এ সেতু দিয়ে নিয়মিত চলাচলকারী এসবি লিংক পরিবহনের ড্রাইভার সাইফুল ইসলাম বলেন, গত বছরের মাঝামাঝি এ সেতুর ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। তখন দায়সারাভাবে জোড়াতালি মেরামত করা হয়েছিল বলেই আজ আবার সেতুর এ অবস্থা হয়েছে। আমরা গাড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে যেতে আতঙ্কের মধ্যে থাকি।

শিক্ষক মো. রফিকুজ্জামান বলেন, এমনিতেই সেতুতে বেশ কয়েকবার মোটর সাইকেল (বাইক) দুর্ঘটনায় দুজনের প্রাণহানি ঘটেছে। তার ওপর সেতুর বিভিন্ন স্থানে গর্ত, তাই দ্রুত সেতুটি সংস্কার না করলে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে সেতুটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হলেও গত এক বছর আগে তা সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান জানান, নাগরপুরের কেদারপুরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুটি গত এক বছর আগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর আমাদের কাছে হস্তান্তর করলেও এর কাগজ এখনো হাতে পাইনি। তাই এর যথাযথ সংস্কারে বিলম্ব হচ্ছে। কাগজ হাতে পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংস্কারের বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। আর যেটুকু ক্ষতি হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে।