সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তিথি পালের (১২) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় আজও উত্তাল ছিল গৌরীপুর। মঙ্গলবার দুপুরে চকপাড়া হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি প্রদীপ বাগচীর নেতৃত্বে গৌরীপুর রেলওয়ে জংশনে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল হয়। এ সময় একই দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন-বিক্ষোভ করেছে। নিরাপদ সড়ক নিশ্চিত এবং ট্রাক ড্রাইভার ও হেলপারের ফাঁসির দাবি জানানো হয় এ মানববন্ধনে। প্রসঙ্গত, তন্দ্রাচ্ছন্ন ট্রাকচালক ও হেলপারের অসাবধানতার কারণে গৌরীপুর পৌর শহরে কালিখলা নামক স্থানে ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয় মেধাবী ছাত্রী তিথি। এতে আহত হয় তার সহপাঠী রূপা।
