প্রশস্তকরণ কাজে কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩০

সেনবাগ-সোনাইমুড়ি সড়ক

খোরশেদ আলম, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগে সেনবাগ-সোনাইমুড়ি সড়ক প্রশস্তকরণ কাজে কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে কৃষিজমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সেনবাগ রাস্তার মাথা থেকে সোনাইমুড়ি বাইপাস সড়কের মাথা পর্যন্ত সেনবাগ-সোনাইমুড়ি সড়কের প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। প্রায় ২৪ কিলোমিটার সড়কটিকে পূর্বের ১৮ ফুট থেকে ২৪ ফুট প্রশস্তকরণের কাজ হচ্ছে। এজন্য সড়কের দুই পাশে তিন ফুট করে ছয় ফুট মাটি ভরাট করা হচ্ছে। উপজেলার হোমনাবাদ-শ্রীপুর এলাকার দেলোয়ার হোসেন ও মো. মিলনসহ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, কয়েকদিন আগে লোকজন মাটি কাটার যন্ত্র নিয়ে হঠাত্ তাদের জমি থেকে মাটি কাটা শুরু করেন।

একই এলাকার বাসিন্দা জুলকু মিয়া ও মিজানুর রহমান অভিযোগ করেন, সড়ক ঘেঁষেই তাদের বসতঘর। এখন সড়ক তিন ফুট প্রশস্ত করা হলে বসতঘর তুলে নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু অন্য কোথায়ও যে ঘর করবেন, সে জায়গাও নেই। প্রকল্প বাস্তবায়নকারী জাকির হোসেন বলেন, কৃষকের ফসলি জমির ক্ষতি করে মাটি কাটা হচ্ছে না। সড়কের পাশের জায়গা থেকেই মাটি সংগ্রহ করা হচ্ছে। এর পরও এতে যদি কারো ফসলি জমির ক্ষতি হয়, সে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জানান, সড়কের পাশে সরকারি জমি কিংবা খাল থাকলে সেখান থেকে ঠিকাদার মাটি সংগ্রহ করবেন। আর না থাকলে ঠিকাদার মাটির ব্যবস্থা করবেন। সে ক্ষেত্রে ঠিকাদার জমির মালিকদের বুঝিয়ে মাটি নিতে না পারলে কিনে নিবেন। জমির মালিক মাটি না দিলে বাইরে থেকে কিনে নিতে হবে।