শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শ্রীমঙ্গলে জমে উঠেছে মাছের মেলা। মঙ্গলবার দুপুরে শুরু হয় এই মেলা। এদিন শহরের নতুন বাজারে বিভিন্ন জাতের ছোটো-বড়ো মাছের সমাহার নিয়ে আসেন স্থানীয় মত্স্যজীবীরা। বাজার ঘুরে দেখা গেছে, রুই, কাতল, বোয়াল, চিতল, ঘাঘট ও বাঘ মাছের বিশাল সমাহার। মাছের মেলা উপভোগ করতে আগের সোমবার বিকাল থেকেই বাজারে ক্রেতা ও সাধারণের ঢল নেমেছে।
মাছ ব্যবসায়ী মনর মিয়া জানান, তার দোকানের সর্বোচ্চ ৪৫ কেজি ওজনের একটি বাঘ মাছের মূল্য ৬৫ হাজার টাকা এবং ৩৫ কেজি ওজনের একটি বোয়াল মাছের মূল্য ৫৫ হাজার টাকা। অপর ব্যবসায়ী শাকিল মিয়া তার দোকানের সর্বোচ্চ ১০ কেজি ওজনের ১২ হাজার এবং হাফিস মিয়ার দোকানে সর্বোচ্চ ২৫ কেজি ওজনের একটি কাতল মাছের মূল্য ২৫ হাজার টাকা। এদিকে মাছের বাজারে আসা ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলানায় এবার মাছের সমাহার কিছুটা কম। তবে ক্রেতারা আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে দর-কষাকষি করার সুযোগ পাচ্ছেন।
