সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩৫

শিবচরে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচর পৌর এলাকার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির ভাতাভোগীদের নিয়ে মঙ্গলবার হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে এই হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাংক চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।

জরুরি কল সেন্টার সেবার প্রচারণা

মদন (নেত্রকোনা) সংবাদদাতা উপজেলায় জরুরি প্রয়োজনে পুলিশের কল সেন্টার সেবা ৯৯৯ নিশ্চতকরণের লক্ষ্যে মঙ্গলবার মদন থানা পুলিশ লিফলেট ও স্টিকার বিতরণ করে প্রচারণা কার্যক্রম শুরু করে। উপজেলার মাঘান ইউনিয়নের জয়বাংলা বাজার ও পৌর সদরের মহিউদ্দিন মার্কেট থেকে কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরি সার্কেল মো. জামাল উদ্দিন। এ সময় ওসি মো. রমিজুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার শুরু হয়েছে। স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির উপস্থিত ছিলেন।

মাইকিং করে সরকারিভাবে আমন ধান ক্রয়

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা ভাঙ্গায় মাইকিং করে প্রকৃত কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে আমন ধান কিনছে প্রশাসন। মঙ্গলবার উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ হতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হয়।  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সরকারিভাবে এ বছর কৃষকদের কাছ থেকে ৬৪৭ মেট্রিক টন ধান কেনা হবে। ধান ক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউলিবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা প্রবীর কৃর্ত্তনীয়া প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তালার শিশুতীর্থ কিন্ডারগার্টেন স্কুল পরিদর্শন করেন এবং ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ উদ্বোধন করেন। শিশুতীর্থ স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

মেলান্দহে অভিভাবক সমাবেশ

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে এম এ রশিদ মেমোরিয়াল (ইংলিশ মিডিয়াম) একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অধ্যক্ষ মাকসুদুর রহমান সভাপতিত্ব করেন। ইউনাইটেড গ্রুপের পরিচালক মেমোরিয়াল একাডেমির ভাইস প্রেসিডেন্ট আক্তার মাহমুদ রানা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড ট্রাস্টের পরিচালক ব্রিগেডিয়ার (অব.) এ জে এম ফজলুর রহমান,  মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার বিষয়ে পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর দিনাজপুরে মঙ্গলবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও মানবাধিকার এবং সহিংসতা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক প্রিপ ট্রাস্ট দিনাজপুরের আয়োজনে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রুবেন মূর্মুর সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও মানবাধিকার এবং সহিংসতা বিষয়ক এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার বিষয়ক পর্যালোচনা করেন প্রিপ ট্রাস্টের ডেপুটি ডাইরেক্টর ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শেফালী বেগম প্রমুখ।

সিআইজি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কাজীপুরে মঙ্গলবার সিআইজি কৃষক প্রশিক্ষণ ফেজ-২ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়। উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল হক। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এস এম শহিদ নূর আকবর, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ফরিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

হাসিনা বেগম বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীর হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতানা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।

ভাণ্ডারিয়ায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা প্রচারে মঙ্গলবার প্রেস ব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাস্তবায়নে ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইলেক্ট্রটিক্যাল প্রশিক্ষক মো. কবির আলম, সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, শঙ্কর জীত সমদ্দার, মো. ছগির হোসেন, এইচ এম জুয়েল, আল আমিন প্রমুখ।

বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধি শীর্ষক সেমিনার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়েজউদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা।

ধান কিনতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে লটারির ড্র অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ, কৃষি কর্মকর্তা লুত্ফুলন্নাহার লুনা, ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

 

 

 

০