ইত্তেফাক রিপোর্ট
দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প গ্রহণের প্রাক্কালে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মতামত গ্রহণ করতে হবে। এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে। এ সব প্রকল্প গ্রহণ, অনুমোদন ও মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে এনএসডিএ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে উল্লেখ করে আদেশে বলা হয়, এনএসডিএ দক্ষতাসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পরিবীক্ষণপূর্বক প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থায় এবং আইএমইডিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাবে। প্রকল্প বাস্তবায়ন শেষে এনএসডিএ নিজস্ব পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন করবে এবং মূল্যায়ন প্রতিবেদন কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থাপন করবে। উন্নয়ন সহযোগীর সহায়তাপুষ্ট দক্ষতা সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও একই নীতি অনুসৃত হবে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। এ বিষয়ে এনএসডির নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, দ্বৈততা পরিহার, যথার্থতা নিশ্চিতকরণ, সেক্টরের চাহিদা পূরণ, অগ্রাধিকার অনুসরণ ইত্যাদি বিষয় লক্ষ রেখে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন এবং তার সুফল লাভে এই পরিপত্র দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
