ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি দুই জনকে শাস্তি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

সেবা প্রার্থীদের হয়রানি করার কারণে কোতোয়ালি রাজস্ব সার্কেলের নাজির মো. দেলোয়ার হোসেন তালুকদারকে সাময়িক বরখাস্ত ও সূত্রাপুর ভূমি অফিসের অফিস সহায়ক  মো. ছিদ্দিকুর রহমানকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সোমবার ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী ডেমরা রাজস্ব সার্কেল অফিস, মতিঝিল রাজস্ব সার্কেল অফিস এবং কোতোয়ালী রাজস্ব সার্কেলের আওতাধীন সূত্রাপুর ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন। এই তিনটি সরকারি দপ্তর একই ভবনে অবস্থিত।

আকস্মিক অফিস পরিদর্শনকালে ভূমি সচিব দেখতে পান কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক একটি বিবিধ মামলার অনুলিপি প্রেরণের আদেশ প্রদান করা হলেও উক্ত অফিসের দায়িতপ্রাপ্ত নাজির মো. দেলোয়ার হোসেন বৈধ আদেশটি তামিল না করে ইচ্ছাকৃত প্রায় তিন মাস বিলম্ব করে সংশ্লিষ্ট সেবাপ্রার্থীকে হয়রানি করেছেন। এছাড়া আইন-বহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার করে সূত্রাপুর ভূমি অফিসের অফিস সহায়ক মো. ছিদ্দিকুর রহমান, ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর দিতে আসা এক ব্যক্তিকে বলেন, ‘দলিলের ছায়ালিপি (ফটোকপি) দিয়ে খাজনা আদায় করা যাবে না’। ইচ্ছাকৃতভাবে জনগণকে আইনসঙ্গত সেবা ও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার কারণে দোষী প্রমাণিত হওয়ায় ভূমি অফিসের অফিস সহায়ক মো. ছিদ্দিকুর রহমানকে সোমবার শাস্তিমূলক বদলি করা হয় এবং সূত্রাপুর ভূমি অফিসের নাজির মো. দেলোয়ার হোসেনকে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।