ইত্তেফাক রিপোর্ট
১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার তাদের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। অনুষ্ঠানে নানা আয়োজনে বর্ণিল করে তোলে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর মোমবাতি প্রজ্বালন এবং বেলুন ও কবুতর ওড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ প্রফেসর ফওজিয়াসহ গভর্নিং বডির সদস্য ও শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্যে অন্যতম ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নাচে-গানে অনুষ্ঠান মাতিয়ে তোলে। এছাড়াও ছিল শিক্ষকদের পরিবেশনা।
ভিএনসিসি ডে-২০২০ আহ্বায়ক মাজেদা বেগম বলেন, আগে কখনো প্রতিষ্ঠাবার্ষিকীর উত্সব করা হয়নি। তবে বর্তমান কমিটি এই উত্সবের উদ্যোগ গ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রচন্ড স্বতঃস্ফূর্ততা দেখতে পেয়েছি। অনুষ্ঠানে আমরা শুধু বর্তমানে অধ্যয়নরত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলেছি। তবে সাবেক শিক্ষার্থী, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ও সাবেক শিক্ষকরা এতে মন খারাপ করেছে। আগামীতে আমরা আরো বড় পরিসরে এই আয়োজন করতে চাই। যাতে সবাই অংশ নিতে পারেন।
প্রতিষ্ঠাবার্ষিকী শুরুর আগে গতকাল সকালে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক কমিটির সদস্য ও শিক্ষকরা অংশ নেন।
