আন্তর্জাতিক ক্রিকেট আইনের অভিভাবক সংস্থা এমসিসিও চার দিনের টেস্টের বিরুদ্ধে মত দিয়েছে। আইসিসি চিন্তা করছে, টেস্ট ক্রিকেটকে স্থায়ীভাবে চার দিনে নামিয়ে আনা হবে। সময় ও সূচি বাঁচানোর জন্য চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে আইসিসি। এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে তারা। তাদের পরিকল্পনা, ২০২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো চার দিনে শেষ করা। তাদের দাবি সময় বাঁচার সঙ্গে সঙ্গে এর ফলে টেস্ট ক্রিকেট আরো আকর্ষণীয় ও বিনোদনদায়ক হবে। এক বিবৃতিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এমসিসি বলেছে, ‘এমসিসি ক্রিকেট কমিটি ও এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি সম্প্রতি এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছে। চার দিনের টেস্ট আদৌ কোনো সুবিধা ক্রিকেটে আনতে পারে কি না, সেটা খতিয়ে দেখেছে। কিন্তু, সব শেষে দুটো কমিটিই মত দিয়েছে যে টেস্ট ক্রিকেটটা পাঁচ দিন ধরেই চলুক।’
