স্পোর্টস ডেস্ক
চাকরি খোয়ালেও বার্সেলোনার সাবেক কিংবদন্তিদের সহানুভূতি পাচ্ছেন আর্নেস্তো ভালভার্দে।
এমনিতে স্প্যানিশ লিগের শীর্ষে থাকার পর সংশ্লিষ্ট ক্লাবের কোচ বরখাস্ত হওয়ার নজির খুব বেশি নেই। গত সোমবার রাতে চতুর্থ কোচ হিসেবে কপাল পুড়ল বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দের। ক্লাব কর্তৃপক্ষ থেকে সহানুভূতি না মিললেও বার্সার সাবেক কোচ ও খেলোয়াড়দের পাশেই পাচ্ছেন বাস্ক এই কোচ। লুইস এনরিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও পেপ গার্দিওলা জানালেন, কিছুটা অবিচারই হয়েছে ভালভার্দের ওপর।
বার্সেলোনাকে দ্বিতীয় ‘ট্রেবল’ জেতানো কোচ এনরিকের মতে, ক্লাবের প্রত্যাশার চাপ পূরণে ব্যর্থতাই কাল হয়েছে তার উত্তরসূরির। স্প্যানিশ কোচের ভাষ্য, ‘কোচ আর খেলোয়াড়দের ওপর এখানে একটা বিশেষ চাপ থাকে। এত বড়ো মাপের ক্লাবের কোচ হওয়া কোচেরাই শুধু এটা বুঝবেন। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার।’
তিনি আরো যোগ করেন, ‘ভালভার্দে একজন অভিজ্ঞ কোচ, যিনি শিরোপা জিতেছেন, আরো শিরোপা জেতার লক্ষ্যেই এখানে এসেছিলেন। তার জন্য খারাপ লাগছে, কারণ আমি তাকে বেশ পছন্দ করতাম। সে অন্যতম সেরা স্প্যানিশ কোচ।’ সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলাও কথা বললেন এনরিকের সুরেই, ‘বার্সা এমন এক জায়গা, যেখানে লিগ জেতা যথেষ্ট নয়। ভালভার্দের জন্য সমব্যথী আমি, সে এমন ব্যবহার পাওয়ার যোগ্য নয়।’
ভালভার্দে বরখাস্ত হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই স্প্যানিশ গণমাধ্যমে তার বিদায়ের খবর অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। তার সাবেক শিষ্য আন্দ্রেস ইনিয়েস্তা কোনো রাখঢাক ছাড়াই একে ‘কুিসত’ আখ্যা দিয়ে দেন, ‘বার্সেলোনার ব্যবহারটা একটু কুিসতই হয়ে গিয়েছিল, কোচকে প্রাপ্য সম্মানটা দেওয়া উচিত।’
