কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া পল্লীর কার্যক্রম শুরু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৫৭

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ‘শেখ কামাল ক্রীড়া পল্লী’ নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। কুমিল্লা শহরতলীর টিক্কাচর ব্রিজসংলগ্ন শুভপুর এলাকায় গোমতী নদীর পাড়ে বিশাল এলাকা নিয়ে নির্মিত হচ্ছে শেখ কামাল ক্রীড়া পল্লী। কুমিল্লা স্টেডিয়ামের বাইরে খেলাধুলার জন্য বিকল্প মাঠ ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের জন্য কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের উদ্যোগে গোমতী নদীর তীরে নির্মিত হচ্ছে এ বিকল্প ফুটবল-ক্রিকেট মাঠ ও ক্রীড়া পল্লী।

গত সোমবার দুপুরে শেখ কামাল ক্রীড়া পল্লীর নামফলক স্থাপন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। তিনি জানান, এখানে সারা বছর স্কুল ক্রিকেট, স্কুল ফুটবল, হকি, ভলিবল, হাডুডুসহ সব ধরনের খেলাধুলা হবে। নামফলক স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চপল, ফুটবলার মাহাবুব আলম তুহিন, ক্রিকেট কমিটির সদস্য জাবেদ হাশমি, ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস প্রমুখ।