মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার, দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং তাদের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার রাতে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে সাংবাদিকদের একথা বলেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের প্রতি স্বাগতিক দেশগুলোতে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে তাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান। শেখ হাসিনা বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে            যে কোনো ভুল বোঝাবুঝির মীমাংসার আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরে সোমবার আবুধাবির সাংরিলা হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, কাজ করার সময় মনে রাখতে হবে যে, বিশ্বটাকে এখন ‘বৈশ্বিক পল্লী’ হিসেবে বিবেচনা করা হয়। একে অপরের ওপর নির্ভরশীল। তাই প্রত্যেককে একে অপরের সহযোগিতা বাড়ানোর মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা সংরক্ষণ, সেই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সরকার তাদের কল্যাণে ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’ প্রতিষ্ঠা করেছে।  

তিনি বলেন, দেশের অর্থনীতিকে এক সময় বিদেশি দাতাদের ঋণের ওপর নির্ভর করতে হতো। এ অবস্থা থেকে অর্থনীতিকে নতুন মর্যাদায় উন্নীত করতে দেশের সম্ভাবনা কাজে লাগাতে সরকার এখন ব্লু ইকোনমি নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব কৌশলে তার সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে, এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার লিখিত আরেকটি বই ‘আমার দেখা নয়া চীন’ প্রকাশিত হতে যাচ্ছে। ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ’ উদ্যাপনের সুযোগ পাওয়া আমাদের জন্য একটি বিশাল সৌভাগ্যের বিষয়। মধ্যপ্রাচ্যের ৯টি দেশে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বন্দর ও জাহাজ নির্মাণ খাতে

ইউএইর বিনিয়োগ কামনা করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বন্দর, জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে বিনিয়োগ করতে দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। ডিপি ওয়ার্ল্ডসহ ইউএইর কোম্পানিগুলোর একটি প্রতিনিধিদল সোমবার আবুধাবির শাংরিলা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে এলে তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুত্ খাতের পাশাপাশি বন্দর, জাহাজ নির্মাণ ও আইসিটি খাতে আমরা আপনাদের ব্যাপক বিনিয়োগ প্রত্যাশা করছি। সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে একটি হাইটেক পার্ক স্থাপনের আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতির প্রশংসা করেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম। আমিরাত জাতীয় তেল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দুবাই শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন বলে প্রেস সচিব জানান।