তিন দফায় পাকিস্তান সফর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:২৫

গত মাস খানেক ধরে অনিশ্চয়তাটা প্রবল হয়েছিল। দফায় দফায় চিঠি চালাচালি, ফোনালাপ দিয়েও এই সমস্যার সমাধান হচ্ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৈঠক করেও সিদ্ধান্ত নিতে পারেনি এই সফরের ব্যাপারে। অবশেষে দুবাইতে গতকাল দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুবাইতে আইসিসি সভার পাশে বিসিবি ও পিসিবি সভাপতি আলাদা বৈঠক করেন। পরে দুই দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে আরো দীর্ঘ বৈঠক হয়। এই বৈঠকে স্বয়ং             আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর মধ্যস্থতা করেন বলে জানা গেছে। আর এই বৈঠক শেষে দুই বোর্ডের থেকে আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, নির্ধারিত ১৮ জানুয়ারিই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন দফায় শেষ হবে বাংলাদেশের এই পাকিস্তান সফর। ধাপে ধাপে অনুষ্ঠিতব্য এই সফরে বাংলাদেশ ও পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি, একটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।

প্রথম দফা সফরে বাংলাদেশের চাওয়া অনুযায়ী তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর বাংলাদেশ ফিরে আসবে। ফেব্রুয়ারির শুরুতে আবার যাবে তারা। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর আবার দেশে ফিরবে দল। পিএসএলের পর এপ্রিলে এই সফরের শেষ অংশ অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল একটি ওয়ানডে খেলবে দুই দল। আর ৫ থেকে ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

এই সফর নিয়ে দুই পক্ষ এর আগে অনেকবার পালটাপালটি প্রস্তাব দিয়েছে। বিসিবি বলেছিল, সরকার থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সফর সংক্ষিপ্ত করার জন্য। খেলোয়াড়রাও তাই চান। বিসিবিই তাই প্রথমে তিন টি-টোয়েন্টি খেলে ফিরে আসার প্রস্তাব দেয়।

এই সমঝোতা হয়ে যাওয়ার পর বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের অবস্থান বুঝতে পারার জন্য পিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আমরা সন্তুষ্ট যে, দুই পক্ষ একটা সমাঝোতায় পৌঁছাতে পেরেছে। আর আইসিসির ভবিষ্যত সফরসূচির ব্যাপারে আমাদের যে দায় আছে, তা প্রকাশের এটা অসাধারণ একটা সুযোগ ছিল।’

এহসান মানি এই সমঝোতাকে স্বাগত জানিয়ে পিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমি খুবই খুশি যে, আমরা সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি। এটি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং দুটি গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশের জন্য খুব ভালো সিদ্ধান্ত। আমি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে দুটি দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোয় তার নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই।’

এই উপলক্ষ্যে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘এটা দুই বোর্ডের জন্যই জয়ী একটা অবস্থা হয়েছে। আমি এটা জানাতে পেরে খুশি যে এই সিরিজটাকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা কেটে গেছে। এখন আমরা মসৃণভাবে সিরিজটা আয়োজন করতে পারব। বাংলাদেশ তিন বার পাকিস্তান সফরে আসবে।  তাদেরকে এই স্বস্তি দেওয়া উচিত যে, পাকিস্তান বিশ্বের আর যে কোনো ক্রিকেট খেলুড়ে দেশের মতই নিরাপদ জায়গা।’

সফরসূচি

১ম দফা

তারিখ                        ম্যাচ                          ভেন্যু

২৪ জানুয়ারি               প্রথম টি-টোয়েন্টি         লাহোর

২৫ জানুয়ারি               দ্বিতীয় টি-টোয়েন্টি        লাহোর

২৭ জানুয়ারি               তৃতীয় টি-টোয়েন্টি        লাহোর

২য় দফা

৭-১১ ফেব্রুয়ারি           ১ম টেস্ট                      রাওয়ালপিন্ডি

৩য় দফা

৩ এপ্রিল                   ওয়ানডে                     করাচি

৫-৯ এপ্রিল ২য় টেস্ট                                      করাচি