গতকাল মঙ্গলবার পঞ্চম দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও উত্তর সিটিতে তাবিথ আউয়াল। মেয়র নির্বাচিত হলে দক্ষিণ সিটির অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ইশরাক। অন্যদিকে সিটি করপোরেশনের প্রতিটি স্তর ‘দুর্নীতিতে ভরে গেছে’ উল্লেখ করে প্রথমেই দুর্নীতি দমনে কাজ করার আশ্বাস দেন তাবিথ। তবে দুই প্রার্থীই তাদের নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর, হুমকি প্রদান ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন।
প্রচারণায় ইশরাক :দুপুরে দক্ষিণ ঢাকার খিলগাঁও ৭৫ নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী বাজারে প্রচারণার শুরুতে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচনে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নয়, ভোট ডাকাতির ফিল্ড তৈরি করছে। গত ১৩ বছরে আওয়ামী লীগ সরকারের মেয়ররা ঢাকাকে বসবাসের অযোগ্য হিসেবে গড়ে তুলেছেন। মেয়র নির্বাচন হলে দক্ষিণ সিটির অবহেলিত এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করব। তিনি আরো বলেন, আমরা অভিযোগ দিলে সরকারি দলের নেতারা, মন্ত্রীরা আমাদের অভিযোগের দল বলে, নালিশ পার্টি বলা হয়। কিন্তু আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, পোস্টার লাগাতে গেলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো অভিযোগ দেব না? পূজার কারণে সনাতন ধর্মাবলম্বীরা নির্বাচনের তারিখ পরিবর্তনের যে দাবি জানিয়েছেন, সে প্রসঙ্গে ইশরাক বলেন,আমি প্রার্থী হিসেবে মনে করছি অবশ্যই সনাতন ধর্মাবলম্বীদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। গণসংযোগকালে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও পথচারীদের কাছে লিফলেট বিতরণ করেন ইশরাক। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের নানা স্লোগান দিতে দেখা যায়।
তাবিথের গণসংযোগ :বেলা ১১ টায় উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের উত্তর বাড্ডা ফুজি টাওয়ার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন তাবিথ আউয়াল। এসময় নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকে। তাবিথ আউয়াল বলেন, নির্বাচিত হলে প্রথমেই দুর্নীতি দমনে কাজ করব। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু নেই। একের পর হামলার ঘটনা প্রমাণ করছে জনমত আমাদের পক্ষে।
এসময় তাবিথ অভিযোগ করে বলেন, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তিন জন আহত হয়েছে। নিয়মিত আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। তবে আমি বারবার বলছি, আমাদের মনোবল শক্ত আছে। আমরা যেটা আশঙ্কা করেছিলাম, সেটি নিয়মিত প্রমাণিত হচ্ছে। শত বাধার পরও বিএনপি নেতাকর্মীরা শান্ত আছে। তারা যতই উসকানি দিক আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি, থাকব।
‘বিএনপির মেয়র প্রার্থী মিথ্যাচার করছে’—আওয়ামী লীগ মনোনীত উত্তরের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের এমন বক্তব্যের জবাবে তাবিথ আউয়াল বলেন, তার বক্তব্যের জবাব দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সবারই অভিযোগ দেওয়ার জায়গা নির্বাচন কমিশনে। আশা করি অভিযোগগুলো নির্বাচন কমিশনই খতিয়ে দেখবেন কতটুকু সত্য, আর কতটুকুর সত্যতা নাই।
এরপর উত্তর বাড্ডা লিংক রোড থেকে মধ্য বাড্ডা বাজার, স্কুল রোড, মেরুল বাড্ডা, ৩৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস থেকে শুরু হয়ে পাঁচতলা ও আফতাবনগর এলাকায় গণসংযোগ করেন তাবিথ আউয়াল। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, দলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।
