বিনিয়োগ স্থবিরতা কাটাতে সিঙ্গেল ডিজিট সুদ হার কার্যকর করতে হবে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:৩১

 

বাংলাদেশ ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও কাঙ্ক্ষিত মাত্রায় বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে না। বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এজন্য ব্যাংক ঋণের সুদের উচ্চ হার অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেছেন ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ। বেসরকারি খাতের বিনিয়োগ স্থবিরতা কাটানোর জন্য ব্যবসা-সহায়ক পরিবেশ উন্নয়নের পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের কার্যালয়ে সাক্ষাত্ করেন। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, অন্যান্য তফসিল ও বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যস্থতায় চলতি বছরের ১ এপ্রিল হতে সিঙ্গেল ডিজিট সুদহার কার্যকর করার জন্য সকলের সমন্বিত উদ্যোগের ওপর জোরারোপ করেন শামস মাহমুদ। খেলাপি ঋণ কমাতে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ঋণখেলাপি চিহ্নিতকরণে একটি সুনির্দিষ্ট পদ্ধতি বের করার লক্ষ্যে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান। ব্যাংকিং ব্যবস্থার ওপর সরকারের ঋণ গ্রহণের নির্ভরতা কমিয়ে আনতে অবকাঠামো উন্নয়ন ও শিল্প খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিতকল্পে বিকল্প উত্স হিসেবে পুঁজিবাজারে বন্ড প্রবর্তনের প্রস্তাব করে চেম্বার নেতৃবৃন্দ। টাকার অবমূল্যায়নের চেয়ে সম্ভাবনাময় রপ্তানিমুখী খাতসমূহের টেকসই উন্নয়নের লক্ষ্যে নগদ প্রণোদনা প্রদানের প্রস্তাব করেন তারা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশের অর্থনীতি বেশির ভাগ ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীল। অর্থনীতি, ব্যবসায়ী সম্প্রদায়, সকল জনগণের অবস্থার উন্নয়নে সরকার সিঙ্গেল ডিজিট হারে ঋণ সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।