সরকার নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না -----------------আইনমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০০:২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার সম্পর্কিত সরকারের অনেক অর্জন বা সাফল্য রয়েছে। তবে অনেক অর্জনের মধ্য দিয়েও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে নারী নির্যাতন বন্ধের ক্ষেত্রে। তিনি বলেন, সরকার ধর্ষণসহ নারী নির্যাতনের অন্যান্য ঘটনাকে কোনোভাবেই বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না এবং রেখে দিবে না। এ বিষয়ে সরকার অনেক সজাগ রয়েছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা/সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। কারণ তারা নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক কাজ করছে। গতকাল মঙ্গলবার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘মানুষের জন্য মানবাধিকার পদক-২০২০’ শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমজেএফ-এর গভর্নিং বোর্ডের সদস্য পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডভোকেট সুলতানা কামাল, ডিএফআইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জুডিথ হার্বাটসন, ঢাকার সুইডিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ক্রিসটিন জোহানসন, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম, এমজেএফয়ের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ বক্তৃতা করেন।