বিস্ময় ডট কম নামক একটি ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে এক হ্যাকারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। ঐ হ্যাকারের নাম মোক্তার হোসেন বাবু (২১)। গত সোমবার রাতে পল্লবীর বানরটেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খুলে রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালানোর অভিযোগে ইমতেয়াজ উদ্দিন শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর মগবাজার ক্যাফে ডি-তাজের সামনে থেকে তাকে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ গ্রেফতার করে।
এদিকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কে বা কারা এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে রাজনৈতিক এবং এসিআই মটরসের বিপক্ষে অপপ্রচার চালিয়ে আসছিল। পরে এ ঘটনায় গত ১২ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তের সূত্র ধরে মগবাজারে অভিযান চালিয়ে ইমতেয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ঐ ভুয়া ফেসবুক আইডিটি লগড ইন অবস্থায় পাওয়া যায়।
