সোশ্যাল মিডিয়ায় আসা সবকিছু বিশ্বাস করা যাবে না :বেনজীর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০০:২৫

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বলেছেন, ইসলামের নামে দেশে জঙ্গিবাদী অপতত্পরতা চালানো হচ্ছে। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। ইসলামি চিন্তাবিদদের এ বিষয়ে কথা বলতে হবে। কারণ জঙ্গিবাদকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। জঙ্গিবাদের দর্শন ইসলামের সঙ্গে যায় না। সম্মিলিতভাবে জঙ্গিবাদের প্রচার ও প্রসারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ ছড়ানোর অন্যতম জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় আসা সব কিছুই বিশ্বাস করা যাবে না। কোনটি মিথ্যা, কোনটি গুজব সে বিষয়ে যাচাই-বাছাই করতে হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অডিটোরিয়ামে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের সমারম্ভ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ হোক যুবসমাজের অঙ্গীকার’ শীর্ষক সমারম্ভ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম নূরুল আবছার খান ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

ড. বেনজীর আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক এমন একটি জিনিস-যা যুবসমাজের বিকাশ ও সম্ভাবনা ধ্বংস করে দেয়। মাদকের কারণে পরিবেশ ও সমাজব্যবস্থা বিপর্যয়ের মধ্যে পড়ে।