রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তারা হলেন— ফকিরাপুলে আবদুল জলিল ও আসাদগেটে আবদুল কাদের। এছাড়া খিলগাঁওয়ে আবুল কালাম নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ও সোমবার পৃথক সময়ে এ তিনটি দুর্ঘটনা ঘটে।
জলিলের স্ত্রী সুইটি আক্তার বলেন, ভোরে ফকিরাপুল এলাকায় রাস্তা পারা হওয়ায় সময় একটি ট্রাক তাকে চাপা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। তিনি ওষুধের ব্যবসা করতেন ।
এদিকে, শেরে বাংলা নগর থানাধীন আসাদ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল কাদের মারা গেছেন। সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি মিরপুরের লালকুঠি এলাকায় থাকতেন।
এছাড়া খিলগাঁওয়ের সিপাহীবাগের কাঠপট্টি এলাকায় আবুল কালাম নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্ত্রী হাসিনা বলেন, দুই বছর ধরে তার স্বামী অসুস্থ ছিলেন। দুই ছেলেমেয়ে নিয়ে সিপাহীবাগের একটি বাসায় থাকতেন তারা। নিহত তিন জনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
