ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষার্থীরা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০০:২৯

বৈধ ভিসি নিয়োগের দাবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চার তলার গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বার্ষিক বাজেট পাশ ও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সাধারণ সভায় যোগদান করতে এসে তোপের মুখে পড়েন তিনি। এ সময় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জুয়েল রানা ও অন্য শিক্ষার্থীসহ ছাত্রনেতারা তাকে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন। পরে বেলা ২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার শর্তে তালা খুলে দেওয়া হয়।

ভিপি জুয়েল রানা অবরুদ্ধ ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্দেশে বলেন, ‘আপনি বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে নাটক শুরু করেছেন। শুধু আপনার জন্য বৈধ উপাচার্য, ব্যবসায় প্রশাসন ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যার সৃষ্টি হয়েছে। আপনি আজ শিক্ষার্থীদের সঙ্গে বসে কোনো সমাধান না দেওয়া পর্যন্ত আটক থাকবেন।’

শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় ভিপি তার কাছে উপাচার্যের বৈধতা, বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা, কেন্দ্রীয় ছাত্র সংসদের বাজেট, বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস না মানাসহ বিভিন্ন প্রশ্ন করেন। তবে এসব প্রশ্নের জবাব না দিয়ে তিনি প্রশাসনিক ভবনে কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করতে যান। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই রুমটি তালাবন্ধ করে দেন। এ সময় ঐ কক্ষে ডা. জাফরুল্লাহর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনসহ অনেকে অবরুদ্ধ হয়ে পড়েন।

গণ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শিরিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তাকে মুক্ত করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।