কাশ্মিরের দুই অংশে তুষারধসে অন্তত ৬৭ জনের প্রাণহানি হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা ও গ্যান্ডারবাল জেলায় তুষারধসে দেশটির তিন সেনাসদস্যসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। তুষারের নিচে চাপা পড়ে এক সেনাসদস্য আহত হয়েছে। নিখোঁজ একজন। সোমবার কুপওয়ারা ও গ্যান্ডারবালসহ উত্তর কাশ্মীরের বিভিন্ন প্রান্তে একাধিক তুষারধসের ঘটনা ঘটে। আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষারধসে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেক। গতকাল দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, তুষারধসে গত ২৪ ঘণ্টায় এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভারত সরকার জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে জম্মু-কাশ্মিরে ব্রডব্যান্ড ইন্টারনেট ধাপে ধাপে চালু হবে। গত বছরের ৫ আগষ্ট থেকে ইন্টারনেট বন্ধ সেখানে।—রয়টার্স ও এনডিটিভি
