রাজধানীর হাতিরঝিলে ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র মিজানুর রহমান মিজান (২৫)। গত ৬ জানুয়ারি মধ্যরাতে পুলিশ ফ্লাইওভারের ওপর থেকে মিজানের রক্তাত লাশ উদ্ধার করে। এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ তিন ছিনতাইকারীকে গতকাল রাতে গ্রেফতার করেছে।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, মিজান লেখাপড়ার পাশাপাশি বনানীর একটি ফোর স্টার হোটেলে সিনিয়র ওয়েটার হিসেবে চাকরি করতেন। ৫ জানুয়ারি বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত হোটেলে ডিউটি করে শেওড়ার বাসার দিকে রওনা হন। তিনি সিএনজিতে ওঠার পর দুই ছিনতাইকারী সিএনজিতে উঠে পড়ে। তার সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাংকের এটিএম কার্ড অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায়। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্লাইওভারের ওপর ফেলে চলে যায়। এরপর পুলিশ রাত ১টার দিকে কারওয়ান বাজার রেলক্রসিং বরাবর ফ্লাইওভারের ওপর থেকে মিজানের লাশ উদ্ধার করে। পরদিন মিজানের ভাই আরিফ হোসেন বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
