আজ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দর্শকদের মাঠে বসে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই সঙ্গে দর্শকদের ভালো কিছু উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দর্শকরা মাঠে থাকলে খেলার উৎসাহ বাড়ে বলেও জানান জামাল ভূঁইয়া। টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি সবার সমর্থন চাচ্ছি। আমি চাই দর্শকরা যেন স্টেডিয়ামে আসে। দর্শকরা যদি বাংলাদেশকে সমর্থন দিতে মাঠে আসে আমি অনেক খুশি হবো। আশাকরি আমরাও তাদের ভালো কিছু উপহার দিতে পারবো।’
আজ বিকেল পাঁচটাই শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। গতবছর সেমিফাইনালে ফিলিস্তিনের কাছেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলও বাংলাদেশ। তাই গতবারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে জামাল ভূঁইয়ারা। এ ম্যাচে ফিলিস্তিনকে হারাতে চায় বাংলাদেশ।
মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দেশ। এর মধ্যে এশিয়ার ৩টি ও আফ্রিকার ৩টি দেশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ফিলিস্তিন ও শ্রীলঙ্কা আর আফ্রিকার তিনটি দেশ হচ্ছে মরিশাস, বুরুন্ডি ও সিসেলস।
বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচি:
১৫ জানুয়ারি : বাংলাদেশ-ফিলিস্তিন
১৬ জানুয়ারি : মরিশাস-বুরুন্ডি
১৭ জানুয়ারি : ফিলিস্তিন-শ্রীলঙ্কা
১৮ জানুয়ারি : সিসেলস-বুরুন্ডি
১৯ জানুয়ারি : বাংলাদেশ-শ্রীলঙ্কা
২০ জানুয়ারি : মরিশাস-সিসেলস
২২ জানুয়ারি : ১ম সেমিফাইনাল
২৩ জানুয়ারি : ২য় সেমিফাইনাল
২৫ জানুয়ারি : ফাইনাল
ইত্তেফাক/এসআই
