ঘন কুয়াশার কারণে পদ্মার দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার ভোর ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এদিকে মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই রুটে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
মানিকগঞ্জ: বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে বুধবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে ফের ফেরি চলাচল শুরু হবে।
মুন্সিগঞ্জ: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘনকুয়াশার কারণে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটের দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
