‘ইভিএম নীরবে-নিঃশব্দে ভোট চুরির ডিজিটাল প্রকল্প’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৬:৪০

ইভিএম একেবারে স্বয়ংক্রিয়ভাবে নীরবে-নিঃশব্দে ভোট চুরির ডিজিটাল একটি প্রকল্প ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে সকল ভোটে জেতানোর দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন। এবার ভোট চুরির নতুন প্রকল্প ইভিএম। দেশের জনগণ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়ে ফেলায় তারা আর ভোট দিতে যান না। এর বড় প্রমাণ চট্টগ্রামের উপ-নির্বাচন ’ 

বুধবার সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত নবগঠিত নাটোর পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন: স্পেনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১ 

চট্টগ্রামের উপ-নির্বাচনে সরকার দলীয় লোকদের দেওয়া শতকরা পাঁচ ভাগ ভোটকে ২২ ভাগ দেখানো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন,‘ ভোটারবিহীন নির্বাচনে ইভিএম ব্যবহার করে এভাবেই ক্ষমতাসীনরা দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণা করছে। নির্বাচনের ফলাফল কী হবে সেটা নির্ভর করবে ইভিএমের প্রোগ্রামের ওপর। সিইসি নির্বাচনের নামে জাতির সাথে তামাশার আয়োজনে জাতি লজ্জিত ও হতাশ। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে এমনিতেই জাতির আস্থা নেই। এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন কমিশন যে সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তা প্রমাণিত।’

নতুন নির্বাচন কমিশন গঠন করে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। 

দুলু বলেন, প্রধানমন্ত্রী একদিকে গণতন্ত্রের কথা বলেন, ‘অন্যদিকে আইন-আদালত-প্রশাসনসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে করায়ত্ত করে ফেলেছেন। সরকারের মদদে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা গোপন করা হচ্ছে। সরকারের অত্যাচারে বিরোধী দলের নিশ্চিন্তে বেঁচে থাকার সুযোগ নেই।’ তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

নাটোর পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আলমামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জিল্লুর রহমান বাবুল চৌধুরীর পরিচালনায় সভায় আরোও বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ ও বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু। 

ইত্তেফাক/এএএম