তিস্তার ভাঙনে বিলীন ২৫০ মিটার বাঁধ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৪৮

অসময়ে তিস্তার ভাঙনে আবাদি জমি ও ফসলের খেতসহ মূল বাঁধের ২৫০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে বাড়িঘর, আবাদি জমিসহ উঠতি ফসল খেত। এলাকাবাসী জানান, গত কয়েকদিনে তিস্তার পানি প্রবাহ হঠাত্ ঘুরে বাঁধে আঘাত করায় উপজেলার নোহালী ইউনিয়নের নাখরাজটারী এলাকায় মূল বাঁধের ডান তীরে ২৫০ মিটার অংশ বিলীন হয়ে গেছে। বাঁধের বাকি অংশটুকু ভেঙে গেলে বিদ্যুত্খুঁটিসহ প্রায় ৩০০ একর আবাদি জমির ফসল নষ্ট হয়ে যাবে। নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাট টিটুল বলেন, ভাঙনের ফলে নাখরাজটারীর বিস্তীর্ণ এলাকা  ভাঙন হুমকির মুখে। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ভাঙন রোধে কোনো কাজ করতে পারি নাই।  রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভাঙন স্থান পরিদর্শন করে এর সত্যতা স্বীকার করে বলেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টাকা চেয়ে নোট পাঠানো হয়েছে।