ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনপদ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৪৮

ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদসহ দেশের বিভিন্ন অঞ্চল। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।

দিনাজপুর : দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে কমেনি শীতের দাপট। পাশাপাশি দাপট বেড়েই চলেছে ঘন কুয়াশার। তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়েছে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদ। তবে দুপুরের পর সূর্যের তাপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় বুধবার খানিকটা কমে আসে শীতের তীব্রতা। হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরে গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে হেডলাইট জ্বালিয়ে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা বেড়েছে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফুলবাড়ীর ছয়টি ইউনিয়নের মানুষ। বিশেষ কাজ ছাড়া সকালে বাইরে বের হচ্ছে না অনেকেই। বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামের জনপদের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল ঠান্ডা হাওয়ায় চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। সেই সঙ্গে বিপাকে পড়েছে এ অঞ্চলের নারী শ্রমিকরা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, আরো কয়েকদিন আবহাওয়া এমন থাকবে। বুধবার সকাল ৯টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।