নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২১:৫০

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার নড়াইলে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী সুলতান মেলা।

বিকালে নড়াইল জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।  এ উপলক্ষ্যে বুধবার নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে সুলতান মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম। এ সময় নড়াইলে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের সুলতান মেলা উত্সর্গ করা হচ্ছে।

এবারের সুলতান মেলায় রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেসসহ গ্রাম্য খেলাধুলা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতি দিন সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের সুলতান মেলায় স্থানীয় প্রায় ৩৪টি সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম জানান, মেলার সমাপনী দিনে দেশের প্রখ্যাত একজন চিত্রশিল্পীকে এস এম সুলতান স্বর্ণ পদক প্রদান করা হবে। এবার কে সুলতান পদক পাচ্ছেন তা ঢাকা থেকে এখনো নির্ধারিত হয়নি।

মেলার সমাপনী দিন ২৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ বরেণ্য একজন চিত্রশিল্পীকে সুলতান পদক প্রদান করবেন।